পটুয়াখালীর মির্জাগঞ্জে ‘রুপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উদযাপন করা হয়েছে। রবিবার (১৬ আগস্ট) উপজেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তরের যৌথ আয়োজনে এই কর্মসূচী পালন করা হয়।
সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালী বের করা হয়, যা উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় উপজেলা পরিষদে এসে শেষ হয়। র্যালীতে বিভিন্ন স্তরের মৎস্যজীবী, স্থানীয় প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী এবং রাজনৈতিক নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন। র্যালী শেষে উপজেলা পরিষদের পুকুরে মাছের পোনা অবমুক্তকরণ করা হয়, যা মৎস্য সম্পদের বংশবৃদ্ধির প্রতীকী কার্যক্রম হিসেবে বিবেচিত।
দিনের দ্বিতীয় ভাগে, উপজেলা পরিষদের কনফারেন্স রুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন মির্জাগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শেখ মো. রাসেল। সভায় মৎস্য সেক্টরের বর্তমান অবস্থা, সম্ভাবনা এবং চ্যালেঞ্জ নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বক্তারা বলেন, “মির্জাগঞ্জ উপজেলা নদীমাতৃক হওয়ায় এখানকার অর্থনীতির একটি বড় অংশ মৎস্য শিল্পের উপর নির্ভরশীল। মাছ চাষে আধুনিক প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে উৎপাদন বৃদ্ধি করে স্বনির্ভরতা অর্জন করা সম্ভব।
সভায় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আব্দুল্লাহ আল মামুন, প্রাণিসম্পদ কর্মকর্তা আমিরুল ইসলাম সোহাগ, মির্জাগঞ্জ থানা এসআই মো. মামুন মিয়া এবং সহকারী মৎস্য কর্মকর্তা মো. মিলন বিশ্বাস। এছাড়াও স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দের মধ্যে উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আহসানউল্লাহ পিন্টু, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হারুন অর রশিদ মুন্সি, তথ্য বিষয়ক সম্পাদক মল্লিক মাকসুদ আহমেদ বায়জীদ, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. মিজানুর রহমান সুজন উপস্থিত ছিলেন। প্রান্তিক জেলে ও মৎস্য খামারিদের সক্রিয় অংশগ্রহণ অনুষ্ঠানটিকে আরও প্রাণবন্ত করে তোলে।
বাপ্পি চন্দ্র, মির্জাগঞ্জ, পটুয়াখালী: 











