পটুয়াখালীর বাউফল পৌর শহরে ইশরাত জাহান নিশি (২৮) নামে এক প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (১১ জুলাই) সকালে পৌর শহরের ৪ নম্বর ওয়ার্ডের মুসলিমপাড়া এলাকার দরবেশ মিঞা সড়কের নিজ বাসার কক্ষের দরজা ভেঙে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত ইশরাত জাহান নিশি ভোলা জেলার লালমোহন উপজেলার দৈউলা ইউনিয়নের বাসিন্দা নাসির মোল্লার মেয়ে। তার স্বামী মনিরুল ইসলাম ঢালি একজন আমেরিকান প্রবাসী।
স্থানীয় সূত্রে জানা যায়, চলতি বছরের পহেলা বৈশাখে তাদের বিবাহ হয়। বিবাহের পর থেকে তারা বাউফল পৌর শহরের ওই বাসায় বসবাস করছিলেন।
শুক্রবার রাত ১টার সময় নিশি আলাদা রুমে একা ঘুমাতে যান। স্বামী মোঃ মনিরুল ইসলাম ঢালী একই রুমে ঘুমাবার জন্য বারবার বললেও তিনি তার কথা না শুনে একাই গিয়ে রুমে ঘুমিয়ে পড়েন।
শনিবার সকালে দীর্ঘ সময় দরজা বন্ধ থাকায় এবং কোনো সাড়া-শব্দ না পেয়ে স্থানীয়দের সন্দেহ হয়। পরে বাউফল থানা পুলিশের সহায়তায় দরজা ভেঙে ভেতরে প্রবেশ করলে নিশিকে সিলিং ফ্যানের সাথে ঝুলন্ত অবস্থায় দেখতে পান তারা। মরদেহ উদ্ধার করে থানা হেফাজতে নিয়ে আসেন এবং ময়না তদন্তের জন্য পটুয়াখালী জেলায় পাঠানো হবে।
স্থানীয়রা আরও জানান, আমেরিকান প্রবাসী মনিরুল ইসলাম ঢালী প্রায় ১০ মাস আগে দেশে এসেছিলেন। বিয়ের মাত্র আড়াই মাসের মাথায় এ মর্মান্তিক ঘটনা। প্রতিবেশীরা বলাবলি করেন,হায়রে অভাগী “হাতের মেহেদী রং শুকানোর আগেই নিভে গেল জীবন প্রদীপ” এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
এ বিষয়ে বাউফল থানার পুলিশ জানায়, “মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রস্তুতি চলছে। ঘটনার প্রকৃত কারণ খতিয়ে দেখার জন্য তদন্ত শুরু হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।”
মোঃ আরিফুল ইসলাম, বাউফল, পটুয়াখালী: 













