আজ পটুয়াখালীর ৩৮ থেকে ৪০টি গ্রামের কয়েক হাজার মানুষ সৌদি আরবের সঙ্গে মিল রেখে পবিত্র ঈদুল আজহা উদযাপন করছেন।
পটুয়াখালীর সদর উপজেলার বদরপুর গ্রামের প্রায় দুই হাজার মানুষ আজ ঈদের নামাজ আদায় করেন। আজ সকাল ৮টায় বদরপুর দরবার শরীফে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে।
দরবার শরীফের খাদেম মো. নাজমুল হোসেন জানান, সৌদি আরবের সঙ্গে মিল রেখে ১৯২৮ সাল থেকে এ অঞ্চলের মানুষ একদিন আগে রোজা শুরু করে আসছেন। সেই ধারাবাহিকতায় তারা একদিন আগে ঈদুল ফিতর ও ঈদুল আজহাও উদযাপন করেন।

আজ জেলার যেসব গ্রামে ঈদ উদযাপন করা হচ্ছে সেগুলোর মধ্যে রয়েছে— গলাচিপা ও রাঙ্গাবালী উপজেলার সেনের হাওলা, পশুরীবুনিয়া, নিজহাওলা, কানকুনিপাড়া ও মৌডুবি; বাউফলের মদনপুরা, রাজনগর, বগা, ধাউরাভাঙ্গা, সুরদি, চন্দ্রপাড়া, দ্বিপাশা, শাপলাখালী, কনকদিয়া ও আমিরাবাদ; কলাপাড়ার নিশানবাড়িয়া ও ইটবাড়িয়া। এছাড়া শহরের নাঈয়াপট্টি, টিয়াখালী, তেগাছিয়া ও দক্ষিণ দেবপুর।
এরা সবাই হানাফি মাজহাবের কাদেরিয়া তরিকার অনুসারী। তাদের বর্তমান পীর হলেন চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার হযরত শাহসুফি মাওলানা মুফতি মোহাম্মদ মমতাজ আলী।
আজ বদরপুর দরবার শরীফে অনুষ্ঠিত ঈদের জামাতে ইমামতি করেছেন দরবার শরীফের ইমাম ও খতিব মাওলানা শফিকুল ইসলাম গনি।
সুনিল সরকার, পটুয়াখালী: 













