পটুয়াখালীর বাউফলে বিদ্যালয়ের উদ্দেশ্যে বের হওয়ার পরে ৩৬ ঘণ্টা অতিবাহিত হলেও সন্ধান মেলেনি চার শিক্ষার্থীর।
রোববার (১০ মে) সকালে পৃথকভাবে নিজ নিজ বাড়ি থেকে তারা বিদ্যালয়ের উদ্দেশ্যে বের হয়। রোববার রাতেই বিদ্যালয় পড়ুয়া চার কিশোরী নিখোঁজের ঘটনায় বাউফল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।
শিক্ষার্থীদের পারিবারিক সূত্রে জানা গেছে, নিখোঁজ সানজিদা আক্তার (১২) ও ইসমত জেরিন (১২) উপজেলার নাজিরপুর ছোট ডালিমা মাধ্যমিক বিদ্যালয়ের সপ্তম শ্রেণির এবং সানজিদা আক্তার রাইসা (১৩) একই বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী। নিখোঁজ অপর শিক্ষার্থী আয়শা আক্তার (১৫) অন্য এক প্রতিষ্ঠানে পড়াশুনা করতো। প্রতিদিনের মতো বিদ্যালয়ের উদ্দেশ্যে ওই দিনও সকালে তারা নিজ নিজ বাড়ি থেকে বের হয়।
নাজিরপুর ছোট ডালিমা মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকরা জানিয়েছেন, শ্রেণি কার্যক্রমে অনুপস্থিত ছিল তাদের বিদ্যালয়ের নিখোঁজ তিনজন শিক্ষার্থী । পরে বিকেলে অভিভাবকদের মাধ্যমে তারা জানতে পারেন, শিক্ষার্থীরা বিদ্যালয়ের কথা বলে বের হয়েছিল। সহপাঠীদের সঙ্গে আলাপ করে তাদের কোনো তথ্য মেলেনি।
নিখোঁজ শিক্ষার্থীদের পরিবারের সদস্যরা জানায়, বিদ্যালয় ও আত্মীয়-স্বজনদের ঠিকানায় খোঁজ করেও তাদের সন্ধান না পাওয়ায় রাত ১২টার দিকে বাউফল থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে।
এ বিষয়ে তদন্তকারী কর্মকর্তা বাউফল থানার এসআই গোলাম মোস্তফা জানায়, নিখোঁজ ছাত্রীদের সঙ্গে মোবাইলফোন না থাকায় তথ্যপ্রযুক্তির সহায়তায় তাদের অবস্থান সনাক্ত করা সম্ভব হচ্ছে না। যোগাযোগ মাধ্যম বাস ও লঞ্চগুলোতে খোঁজখবর নেওয়া হয়েছে। দ্রুত সময়ের মধ্যে তাদের উদ্ধার করা সম্ভব হবে বলে আশা করছেন তিনি।
বাউফল থানার ওসি মো. সিরাজুল ইসলাম জানায়, বিদ্যালয়ের “উদ্দেশ্যে বেড়িয়ে তারা আর বাড়ি ফেরেনি। অত্যন্ত গুরুত্ব সহকারে বিষয়টি তদন্ত করছে পুলিশ।”
ইশরাত লিটন, পটুয়াখালী: 











